এমবাপের চোটে ম্লান জিদানের সফল অভিষেক
শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচেই জয়, আর সেই জয়ে গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। গোল করার পরই হাঁটুর চোটে মাঠ ছাড়তে হওয়ায় জিদানের সফল অভিষেকের রাতটাই শেষ পর্যন্ত দুশ্চিন্তায় পরিণত হয়েছে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের জন্য।
উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে শুক্রবার ১-০ গোলে জিতেছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি করেন এমবাপে। মাইকেল ওলিসের পাস নিয়ন্ত্রণ করে বাঁ পা থেকে নিচু শটে তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকিরকে পরাস্ত করেন ফ্রান্স অধিনায়ক। তবে গোলের পর সতীর্থরা যখন তাকে ঘিরে উদ্যাপন করছেন, তখনই ব্যথায় মুখ কুঁচকে যেতে দেখা যায় তাকে।
চিকিৎসা নিয়ে কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করেছিলেন এমবাপে। কিন্তু মিনিটখানেক পর আবারও মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এবার বাঁ হাঁটুর বাইরের দিকে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত ৫৮ মিনিটে তাকে তুলে নেন জিদান, তার জায়গায় মাঠে নামেন দেজিরে দুয়ে।
ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, এমবাপের হাঁটুর টেনডনে চোট লেগেছে। চিকিৎসার জন্য তাকে মাদ্রিদে ফিরে যেতে হবে। জিদানও জানিয়েছেন, ঝুঁকি না নিতেই এমবাপেকে আর মাঠে রাখেননি তিনি, ‘এটা খুব ভালো খবর নয়। দুর্ভাগ্যবশত, আমার মনে হয় তাকে বাড়ি ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শট নেওয়ার সময় হাঁটুটা অতিরিক্ত প্রসারিত হয়েছিল। বিষয়টি খুব একটা আশাব্যঞ্জক মনে হচ্ছে না।’
- ট্যাগ:
- খেলা
- নেশনস লিগ
- জিনেদিন জিদান