এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ জন্য শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এইচএসসি
- এইচএসসি পরীক্ষার্থী