বোয়িংয়ের কোন মডেলের কতটি উড়োজাহাজ কিনছে বিমান
বিএনপি সরকারের সময়ে পাঁচ মাসের ব্যবধানে দুই ক্রয়াদেশে যে ২৫টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তাতে দুটি মডেলের বিভিন্ন সংস্করণ থাকছে বলে জানিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানিটি।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বোয়িংয়ের ১১টি উড়োজাহাজ কিনতে চুক্তি করার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ।
বোয়িং ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া কমিউনিকেশনস জানিয়েছে, বিমান বাংলাদেশ যে আরও ১১টি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে, তার মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স।
এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কিনতে ঢাকায় বোয়িংয়ের সঙ্গে আরেকটি চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই ক্রয়াদেশের মধ্যে রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স।