স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত। বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।
তথ্য অনুযায়ী, ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, গাণিতিক যুক্তিতে ১০ এবং মানসিক দক্ষতায় ১০ নম্বর থাকবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।