ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আবার হামলা চালানো হবে না কি শান্তিচুক্তির পথে এগোনো হবে, এ বিষয়ে তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ ভাষণে তিনি হুমকি দেন যে, সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন। এসময় অধিবেশনকক্ষে ইরান প্রতিনিধিদলের এক সদস্যকে বসে এই বক্তব্য শুনতে দেখা যায়।
ট্রাম্প তার বক্তব্যের বেশিরভাগ সময়জুড়ে ইরানের সঙ্গে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি দাবি করেন, এই সংঘাত তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে। সেই সঙ্গে তার ভাষায় ‘শক্তির মাধ্যমে শান্তি’ অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন রেখে বলেন, ‘ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি হবে, যার মাধ্যমে তারা পুনর্গঠন করে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী দেশ গড়ে তুলতে পারবে? না কি আমি ইসলামি প্রজাতন্ত্রটিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবো ও তা করবো দ্রুত, যাতে তাদের আবার কখনো মানুষ হত্যা ও দেশকে ধ্বংস করার সুযোগ না দেওয়া হয়? আমি কি তাদের নরকে পাঠিয়ে দেবো?’