প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২টি নির্ধারিত কর্মসূচির মধ্যে ১০টিতে অংশ নিয়েছেন। দিনভর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশন, বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক এবং রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি বলেন, সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী ও প্লেনারি অধিবেশনে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
ড. মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এটিও বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ধারাবাহিকতা।’
প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে আঞ্চলিক পর্যায়ে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়। এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্ক অঞ্চলের সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে আলোচনা করা হয়।