‘ভাত চুরির’ অপবাদে ছাত্রকে পিটিয়ে হত্যা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক
খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে একটি ছাত্রাবাসে ‘ভাত চুরির’ অপবাদ দিয়ে আজমুল হোসেন নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আটক রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
সোমবার রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নগরীর হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন।
ওসি বলেন, “আজমুলকে মারধরের সময় রিফাত সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।”
নিহত ২১ বছর বয়সী আজমুল হোসেন চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। তিনি নগরের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ‘খাজা খানজাহান আলী’ আবাসিক হলের পেছনে ইসলাম নগর রোডের ছাত্রাবাসের গলি থেকে ১৮ সেপ্টেম্বর আজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।