ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংকট তৈরি করা যায় না: তথ্য উপদেষ্টা
সরকার দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে—এটা মেনে নিয়েই রাজনীতি করতে হবে।
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে কোনো সংকট তৈরি করা যায় না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের কয়েকটি জায়গায় দুএকটি ককটেল বিস্ফোরিত হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে; এসব করে আসলে কোনো সংকট তৈরি করা যায় বলে আমি মনে করি না।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিরোধীদলের আন্দোলন প্রসঙ্গে জাহেদ বলেন, ‘যারা এখন বিরোধী দলে আছেন, তারা লংমার্চ করছেন। তারা তা করতেই পারেন; এমনকি তারা সরকারের কাছে এক দফা দাবিও দিচ্ছেন।’
তিনি বলেন, ‘ককরোচ জনতা পার্টি এত বড় আন্দোলন করেছে, কিংবা এর আগে মোদির বিরুদ্ধে কৃষক আন্দোলন হয়েছিল, অর্থাৎ দিল্লিকে অচল করে দেওয়া হয়েছিল, কিন্তু সরকারের পদত্যাগ দাবি করা হয়নি। যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে চাপ সৃষ্টি করাই ভালো।’
এক প্রশ্নের জবাবে জাহেদ বলেন, জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা বাড়বে—এ কথা তিনি অস্বীকার করবেন না।
‘তবে সরকারের কাছে এর চেয়ে ভালো কোনো বিকল্প ছিল না,’ বলে মন্তব্য করেন তিনি।