রাবিতে সেশনজট: চার বছরের স্নাতক শেষ করতে লাগছে ৬ বছর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার বছর মেয়াদি স্নাতক শেষ করতে শিক্ষার্থীদের লাগছে পাঁচ থেকে ছয় বছর। নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়া, ফল প্রকাশে বিলম্ব, একাডেমিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা এবং শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকটসহ নানা কারণে সেশনজটে আটকে থাকছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ রয়েছে। অধিকাংশ বিভাগেই নির্ধারিত ব্যাচের তুলনায় বেশি ব্যাচের শিক্ষার্থী একাডেমিক কার্যক্রমে রয়েছেন। কোনো কোনো বিভাগে ছয়টি, আবার কোনো বিভাগে সাতটি ব্যাচের শিক্ষার্থীরা পাঠ নিচ্ছেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের সাতটি বিভাগের মধ্যে অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে সাতটি করে ব্যাচ চলছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা, পপুলেশন সায়েন্সেস এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে রয়েছে ছয়টি করে ব্যাচ। কলা অনুষদের ইংরেজি, ফোকলোর, ইতিহাস, সংস্কৃত এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ছয়টি করে ব্যাচ রয়েছে। উর্দু বিভাগে ছয় থেকে সাতটি এবং নাট্যকলা ও সংগীত বিভাগে সাতটি করে ব্যাচ চলছে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে সাতটি এবং মার্কেটিং ও ফাইন্যান্স বিভাগে ছয়টি করে ব্যাচ রয়েছে। বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিভাগে ছয়টি করে ব্যাচ চলছে। আইন অনুষদের আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগেও রয়েছে ছয়টি করে ব্যাচ।
জীববিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগে ছয়টি এবং জিওলজি অ্যান্ড মাইনিং, ক্লিনিক্যাল সাইকোলজি ও মনোবিজ্ঞান বিভাগে সাতটি করে ব্যাচ রয়েছে। এ ছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) সাতটি, কৃষি অনুষদের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগে সাতটি এবং মাইক্রোবায়োলজি বিভাগে ছয়টি ব্যাচ চলছে।
অন্যদিকে চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পের ইতিহাস বিভাগে সাতটি করে ব্যাচ রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সেশন জট
- রাজশাহী বিশ্ববিদ্যালয়