জ্বালানি তেলের দাম ৯ মাসে লিটারে বেড়েছে ৪৩ টাকা পর্যন্ত
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কয়েক দফায় বাড়ানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। সবশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি কার্যকর হয়েছে। বৃদ্ধির এ হার সর্বোচ্চ প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকা দরে বিক্রি হয়েছে। সেপ্টেম্বরে সবশেষ নির্ধারিত দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও অকটেন ১৬৫ টাকা।
অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতি লিটার ডিজেলের দাম ৩৩ টাকা বা ৩২ দশমিক ৩৫ শতাংশ, কেরোসিন ৪১ টাকা বা ৩৫ দশমিক ৯৬ শতাংশ, পেট্রোল ৪২ টাকা বা ৩৫ দশমিক ৫৯ শতাংশ ও অকটেন ৪৩ টাকা বা ৩৫ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।
টাকার হিসাবে সবচেয়ে বেশি বেড়েছে অকটেনের দাম। প্রতি লিটারে এর দাম বেড়েছে ৪৩ টাকা। সব মিলিয়ে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রধান চার ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৩২ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত।