শিশুখাদ্যে বিধিভঙ্গ: ভারতে নেসলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল নিয়ন্ত্রক সংস্থা
ভারতে শিশুখাদ্য পণ্য ন্যান এক্সেলা প্রো স্টেজ-১ ও ল্যাকটোজেন প্রো-১–এ পরীক্ষায় বিভিন্ন অসঙ্গতি পাওয়ার পর নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
ভারতের বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানায়, খাদ্য নিরাপত্তা আইনের বিভিন্ন বিধি না মানার অভিযোগে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও পোস্টে সতর্ক করা হয়েছে।
মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে, পণ্য দুটির প্রচারে এমন কিছু দাবি করা হয়েছে, যা ল্যাবরেটরি পরীক্ষায় পাওয়া যায়নি। এছাড়া বিজ্ঞাপনে বায়োটিনের যে পরিমাণ বলা হয়েছে, বাস্তবে তা মেলেনি।
তবে নেসলে ইন্ডিয়া বলেছে, তাদের পণ্যগুলো প্রযোজ্য সব বিধিবিধান মেনে তৈরি ও বাজারজাত করা হয়।
এক বিবৃতিতে এ কোম্পানি বলেছে, ন্যান এক্সেলা প্রো ও ল্যাকটোজেন প্রো এবং এসব পণ্যের মোড়কের তথ্য খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটির অনুমোদিত। কর্তৃপক্ষের নোটিসের জবাবে মোড়কে থাকা বক্তব্যগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এসব বক্তব্য তথ্যভিত্তিক এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সমর্থিত বলে দাবি করেছে নেসলে।
এ কোম্পানি আরও বলেছে, প্রযোজ্য আইন অনুযায়ী সব বিধিবিধান ও মোড়কের তথ্যসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়টি তারা নিশ্চিত করেছে। ভোক্তাদের সচেতনতা বাড়াতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও বলেছে তারা।