সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যার ৬ বছর: বিচারের আশায় পরিবার
সাভারের দশম শ্রেণির ছাত্রী নীলা রায়কে তুলে নিয়ে ছুরিকাঘাতে হত্যার ছয় বছর হলেও বিচার শেষ হয়নি।
ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজওয়ানুজ্জামানের আদালতে মামলাটি রয়েছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। ১৮ সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য শেষ হয়েছে।
সবশেষ গত ২৪ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওইদিন কোনো সাক্ষী আদালতে আসেননি। এজন্য আগামী ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী শাখাওয়াত হোসেন সানী।
বিচার নিয়ে আক্ষেপ করে নীলার বাবা নারায়ণ রায় বলেন, “প্রায় প্রতি তারিখে আদালতে যাই। লম্বা-লম্বা তারিখ পড়ছে।”
একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা নারায়ণ রায়। হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, “ছয় বছর হয়ে গেল। এখনো বিচার পাইনি। মেয়েকে ছাড়া একটুও ভালো নেই।”
তিনি বলেন, “যতটা পারি তাকে ভুলে থাকতে চাই। কিন্তু বক্তব্য নিতে আপনারা আমাকে ফোন করে যন্ত্রণা বাড়িয়ে দিলেন। আমি শতভাগ নিশ্চিত এই আসামিদের কিছুই হবে না।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্কুলছাত্রী
- ছুরিকাঘাতে হত্যা