উত্তাল পদ্মায় দুই সপ্তাহ ধরে ফেরি চলাচল বন্ধ, ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার
তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে বাধ্য হয়ে উত্তাল পদ্মায় ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটে পারাপার হচ্ছেন যাত্রীরা। ফেরি বন্ধের সুযোগে বেড়েছে এসব নৌযানের ভাড়াও। ফলে একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে বাড়তি ভাড়া—দুই ধরনের ভোগান্তিতে পড়েছেন এ নৌপথের যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ‘ক্যামেলিয়া’ ও ‘কপোতী’ নামে দুটি ফেরি চলাচল করে। এ পথে প্রতিদিন ধাওয়াপাড়া ঘাট থেকে গড়ে প্রায় ৪০টি যানবাহন পারাপার হয়। নাজিরগঞ্জ ঘাট থেকেও রাজবাড়ীর দিকে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন চলাচল করে।
যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৩ জুলাই থেকে ‘কপোতী’ ফেরির চলাচল বন্ধ রয়েছে। এরপর তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ‘ক্যামেলিয়া’ ফেরির চলাচলও বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় দুই সপ্তাহ ধরে পুরোপুরি বন্ধ রয়েছে ফেরি পারাপার।
ফেরি বন্ধ থাকায় এ রুটের যানবাহনগুলোকে কুষ্টিয়ার লালন শাহ সেতু ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পদ্মা নদী
- ফেরি চলাচল বন্ধ
- উত্তাল