পাঁচ বছরে বিমানবন্দর থেকে ফেরত সাড়ে ৮১ হাজার বিদেশগামী
বিদেশ যাওয়ার সব প্রস্তুতি শেষ করে বিমানবন্দরে পৌঁছেও গন্তব্যে যেতে পারছেন না হাজার হাজার বাংলাদেশি। ভিসা ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রে অসংগতি, জাল কাগজপত্র, ভিসার শর্ত ভঙ্গ, ইমিগ্রেশনে তথ্যের গরমিল এবং মানবপাচারের আশঙ্কাসহ নানা কারণে তাদের বিদেশযাত্রা আটকে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধ বা সীমিত শ্রমবাজারে বিকল্প পথে প্রবেশের চেষ্টাও ধরা পড়ছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে দেশের বিমানবন্দর থেকে ৮১ হাজার ৫০০ যাত্রীর বিদেশযাত্রা বাতিল করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ভিসায় বিদেশ গেছেন দুই কোটি ৯১ লাখের বেশি বাংলাদেশি।
এসবির বরাত দিয়ে এক প্রতিবেদনে বণিক বার্তা জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে ২৬ লাখ ২২ হাজার ৭১১ বাংলাদেশি বিদেশ গেছেন। এ সময়ে বিভিন্ন কারণে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে ৭ হাজার ৮১৯ জনকে। ২০২৫ সালে বিদেশ গেছেন ৫৭ লাখ ৮ হাজার ১৩২ জন। ওই বছর আটকে দেওয়া হয় ১৫ হাজার ৫১৬ জনের যাত্রা। ২০২৪ সালে ৬৪ লাখ ২৮ হাজার ৯৩ জন বিদেশ গেলেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় ১৮ হাজার ৯ জনকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৈদেশিক শ্রমবাজার
- বিদেশযাত্রা