ফের ১১ দলের লংমার্চ: সংসদের পাশাপাশি বিস্তৃত হচ্ছে রাজপথের কর্মসূচি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে গত ৫ সেপ্টেম্বর লংমার্চ করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর ঠিক দুই সপ্তাহের মাথায় আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চে নামছে তারা।
রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউয়ে শনিবার সকাল ৭টায় লংমার্চ পূর্ব বৃহৎ সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। ঐক্যের শীর্ষ নেতারা বলছেন, দ্বিতীয় লংমার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী নেতাকর্মীর সংখ্যা প্রথম লংমার্চের তুলনায় আরও বেশি হবে।
প্রথম লংমার্চ কর্মসূচিতে ছয় দফা দাবি থাকলেও দ্বিতীয় লংমার্চে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আট দফায়। উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এ দাবিতে যুক্ত হয়েছে।