সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় বিস্তৃত হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ
সৌদি আরব ও ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি আরো বাড়ছে। ইয়েমেনে হুতিদের অগ্রগতিতে এই যুদ্ধে ইরানের প্রভাব আরো বৃদ্ধি পেয়েছে। নিজেদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে সৌদি আরব।
এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ শহরে হুতিরা ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। নিহত ব্যক্তি ইয়েমেনি নাগরিক। ওই ব্যক্তি সৌদি আরবে বসবাস করছিল।
গতকাল হুতিরা জানিয়েছে, ইয়েমেনের তায়েজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হুতি সমর্থিত টেলিভিশন আলমাসিরাহ জানিয়েছে, তায়েজ প্রদেশে সৌদি আরবের চালানো বিমান হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আবস শহরে হামলায় আরো একজন আহত হয়েছে।
পরবর্তী সময়ে হুতি সমর্থিত গণমাধ্যমটি বলেছে, ‘সৌদি সমর্থিত ভাড়াটে সেনাদের হামলায় তিনজন ইয়েমেনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিক।’ ‘সৌদি সমর্থিত ভাড়াটে সেনা’ বলতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনীকে বুঝিয়েছে আলমাসিরাহ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পাল্টাপাল্টি হামলা