শামীম হত্যা মামলা: ২ বছরেও শেষ হয়নি তদন্ত, বিচারের অপেক্ষায় পরিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় দুই বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে ১৫ জুলাই উপাচার্যের বাসভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় তার জড়িত থাকার অভিযোগ ছিল। ওই ঘটনার জেরেই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
৩৫ বছর বয়সী শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছিলেন।
শামীমকে হত্যার ঘটনায় ওই বছরের ২০ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন আশুলিয়া থানায় আট শিক্ষার্থী ও অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়।
ওই বছরের ৯ অক্টোবর শামীমের বড় ভাই শাহীন আলম ঢাকার একটি আদালতে আরেকটি হত্যা মামলা করেন। এতে সুদীপ্ত, ডেপুটি রেজিস্ট্রার গাফরুল হাসান চৌধুরী ও প্রক্টর এ কে এম রাশিদুল আলমসহ ১২ জনকে আসামি করা হয়।
পরে আদালত পুলিশকে মামলাটি আগে করা মামলার সঙ্গে একীভূত করার নির্দেশ দেন।
আদালতের নথি ও পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় পিবিআই এখনো আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এ ছাড়া শামীমের ভাইয়ের করা মামলার আদালতের নথিও এখনো পিবিআইয়ের কাছে পৌঁছায়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তদন্ত কার্যক্রম
- হত্যাকাণ্ড