‘মানসম্মত ক্রিকেট খেলতে পারছি না’, ইংল্যান্ডের কাছে টানা ১৪ হারের পর লঙ্কান অধিনায়ক
ইংল্যান্ডের কাছে একের পর এক হার, আর তার ওপর টি-টোয়েন্টিতে টানা ১৪তম পরাজয়—এমন বিব্রতকর রেকর্ড গড়ার পর নিজের দলের পারফরম্যান্স নিয়ে সোজা কথা বললেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সাফ জানিয়ে দিলেন, তারা একেবারেই ‘মানসম্মত ক্রিকেট খেলতে পারছেন না’। কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ৬ উইকেটের বড় জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার সোফিয়া গার্ডেন্সে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের লেগেছে মাত্র সাড়ে ১২ ওভারের মতো। ৪টি ছক্কায় ২৪ বলে ৫২ রানের এক টর্নেডো ইনিংসে জয় একাই সহজ করে দেন টম ব্যান্টন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোন এক দলের বিপক্ষে অন্য দলের টানা হারের তৃতীয় নজির এটি। রুয়ান্ডার বিপক্ষে উগান্ডার টানা ১৭ হার প্রথমেই আছে। পাকিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে টানা ১৫ টি-টোয়েন্টিতে। টেস্ট খেলুড়ে দুই দলের মধ্যে যা সর্বোচ্চ। এরপরই ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কার টানা ১৪ হার।
প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানের বিশাল হারের পর কার্ডিফেও ভাগ্য বদলায়নি লঙ্কানদের। যদিও টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ৫৬ রান তুলে ভালো সূচনার আভাস দিয়েছিল তারা। তবে ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে এক ওভারেই দৃশ্যপট বদলে দেন লিয়াম ডসন। টানা দুই বলে লহিরু উদারা (২১) ও কামিল মিশারাকে ফিরিয়ে লঙ্কানদের বড় সংগ্রহের ভিত ভেঙে দেন এই বাঁহাতি স্পিনার। ৩২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি ক্রিকেট