সম্প্রতি ওজন কমানোর ওষুধ ব্যবহারের সঙ্গে প্রাপ্তবয়স্কদের মধ্যে হতাশা (ডিপ্রেশন) এবং আত্মহত্যার চিন্তার উচ্চ ঝুঁকির একটি যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছে নতুন একটি গবেষণা।
দক্ষিণ কোরিয়ার গবেষকরা প্রায় ২৭ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের মানসিক স্বাস্থ্যের তথ্য বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ৮৪৬ জন মানুষ জানিয়েছেন যে তারা চিকিৎসকের পরামর্শে ওজন কমানোর ওষুধ খেয়েছিলেন।
গবেষণায় দেখা গেছে, যারা ওজন কমানোর ওষুধ ব্যবহার করেছেন, ওষুধ খাননি এমন মানুষের তুলনায় তাদের মধ্যে হতাশার শিকার হওয়ার ঝুঁকি ৯৩ শতাংশ বেশি এবং আত্মহত্যার চিন্তা আসার ঝুঁকি ১৬৮ শতাংশ বেশি।
এ ছাড়া গবেষকরা প্রায় ১০ বছর ধরে জিএলপি-১ জাতীয় ওষুধ ব্যবহারকারীদের ওপরও নজর রেখেছেন। তারা দেখতে পেয়েছেন, ওষুধ খাওয়ার পর যাদের ওজন আবার আগের মতো বেড়ে গেছে, তাদের মধ্যে মানসিক সমস্যার ঝুঁকি আরও বেশি।