সব রেকর্ড ভেঙে মালয়ালম ইন্ডাস্ট্রির শীর্ষে ‘বেথলেহেম কুড়ুম্বা ইউনিট’
এক মাস আগেও মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল ৩০০ কোটি রুপির বেশি। সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেছে ‘বেথলেহেম কুড়ুম্বা ইউনিট’। গিরিশ এডি পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি মুক্তির মাত্র ২৬ দিনে বিশ্বজুড়ে ৩১০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।
ওনাম উৎসবকে সামনে রেখে গত ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় বেথলেহেম কুড়ুম্বা ইউনিট। শুরু থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতি বজায় রেখে মাত্র ২৪ দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। পেছনে ফেলে দেয় ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’, ‘এলটু: এমপুরান’ ও ‘থুডারাম’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকে।
গানের প্রতি অভিন্ন ভালো লাগা থেকে প্রতিবেশী তরুণী অ্যাশলি ও মধ্যবয়সী জাস্টিনের মধ্যে গড়ে ওঠে প্রেম। কিন্তু বয়সের ব্যবধান আর পরিবারের বিরোধিতার মুখে তারা আলাদা হতে বাধ্য হয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায় অ্যাশলি। দেড় বছর পর দেশে ফিরে দুজনের পুনর্মিলন, পুরোনো আবেগের মুখোমুখি হওয়া এবং পরিবারের বাধা পেরিয়ে নিজেদের সম্পর্ককে বেছে নেওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে বেথলেহেম কুড়ুম্বা ইউনিট।