কার্যকর এভিয়েশন হাব তৈরিতে শক্তিশালী স্থানীয় এয়ারলাইনস প্রয়োজন
আমাদের লক্ষ্য হওয়া উচিত বিমানযাত্রী সংখ্যা ১২ মিলিয়ন থেকে প্রথমে ২০-২৪ মিলিয়নে এবং দীর্ঘমেয়াদে ৬০ মিলিয়নে উন্নীত করা। একই সঙ্গে বছরে প্রায় ৫ লাখ টন কার্গো পরিবহনের সক্ষমতা অর্জন করতে হবে।
আমি এভিয়েশন বিশেষজ্ঞ নই। একজন যাত্রী এবং এ খাতের পেশাজীবী হিসেবে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা ও অনুভূতি থেকে কিছু কথা বলতে চাই। আমরা সবাই চাই, বাংলাদেশের এভিয়েশন খাত ভবিষ্যতে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক খাতে পরিণত হোক। সেই আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিফলিত হয়েছে ‘এভরিহোয়্যার বাংলাদেশ, আকাশ’ স্লোগানে।
আমরা যদি বিশ্বের দিকে লক্ষ করি তাহলে দেখব, এভিয়েশন এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয়তা। বর্তমান যুগে মানুষকে কম সময়ে, সাশ্রয়ী মূল্যে, সহজ ও নিরাপদ উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। তাই এভিয়েশনকে বিলাসী খাত হিসেবে দেখার সুযোগ নেই। যেমন আমাদের সড়ক পরিবহন, রেলপথ আছে, তেমনি আকাশপথও একটি অপরিহার্য পরিবহন ব্যবস্থা। সড়ক ও রেল পরিবহনের মতো এভিয়েশনকেও তাই সাধারণ মানুষের কাছে আরো সহজলভ্য করতে হবে।