হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহতের ঘটনায় র্যাবের গ্রেপ্তার করা তিনজন জড়িত নন, দাবি ডিবির
রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের শিকার হয়ে শিক্ষিকা রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনায় র্যাবের গ্রেপ্তার করা তিনজনের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণের পর নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম এ কথা বলেন। নতুন করে গ্রেপ্তার দুজন হলেন মো. খোকন ও রাজীব মাতুব্বর।
অন্যদিকে একই ঘটনায় গত ৩০ আগস্ট র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তখন র্যাব জানিয়েছিল, ছিনতাইয়ে ব্যবহৃত হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তবে মোটরসাইকেলের রং ও গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে প্রশ্ন ওঠে। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মোটরসাইকেল মালিক রাকিব, পনি ও সেড্রিক এখন কারাগারে রয়েছেন।