ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে
ইসরায়েলি সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের দৈনিক হারেৎজ।
সেনাবাহিনীর বরাত দিয়ে হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৭ মাসে মোট ২৫ জন ইসরায়েলি সেনাসদস্য আত্মহত্যা করেছেন। এই ২৫ জনের মধ্যে ১৬ জন ছিলেন কর্মরত (অ্যাক্টিভ-ডিউটি) এবং ৯ জন সদ্য অবসরপ্রাপ্ত। এই অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সবাই গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানে অংশ নিয়েছিলেন।
পৃথক এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন জানিয়েছে, আগস্ট-সেপ্টেম্বর আত্মহত্যা করেছেন অন্তত ৩ জন ইসরায়েলি সেনা। এর মধ্যে সর্বশেষ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর, সোমবার। সেদিন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় একটি এলাকার বাড়ি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ইসরায়েলের সামরিক পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সশস্ত্র হামলার পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দুই বছরের সেই ভয়াবহ অভিযানে গাজায় নিহত হয়েছেন ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৪ হাজার জন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করলেও এখনও গাজা থেকে সম্পূর্ণ সেনাপ্রত্যাহার করেনি ইসরায়েল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আত্মহত্যা
- সেনাবাহিনী