শরীরের কোন কোন স্থানে ছত্রাক বেশি হয়, কারণ ও চিকিৎসা কী
গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বকের নানা সমস্যা বেড়ে যায়। এর মধ্যে দাদ অন্যতম। এটি ডার্মাটোফাইট নামের একধরনের ছত্রাকজনিত ছোঁয়াচে চর্মরোগ। এটি ত্বকে লালচে বা বাদামি রঙের গোলাকার, চাকতির মতো দাগ বা ফুসকুড়ি তৈরি করে। আক্রান্ত স্থানের কিনারা সাধারণত সামান্য উঁচু ও স্পষ্ট থাকে, আর মাঝের অংশ তুলনামূলকভাবে স্বাভাবিক বা কম আক্রান্ত দেখা যেতে পারে।
শরীরের কোন কোন স্থানে ছত্রাক বেশি হয়
ছত্রাক সাধারণত উষ্ণ, আর্দ্র ও ঘামযুক্ত পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। তাই কুঁচকি, ঊরুর ভাঁজ, বগল, স্তনের নিচের অংশ, হাত–পায়ের আঙুলের ফাঁক এবং শরীরের যেকোনো ত্বকের ভাঁজে সংক্রমণ বেশি দেখা যায়।
কুঁচকির সংক্রমণকে সাধারণভাবে ‘জক ইচ’ এবং পায়ের সংক্রমণকে ‘অ্যাথলেটস ফুট’ বলা হয়। এ ছাড়া শিশুদের মাথার ত্বক ও চুল এবং যেকোনো বয়সে নখেও ছত্রাকের সংক্রমণ হতে পারে।
কেন হয় ছত্রাকের সংক্রমণ
- ছত্রাক সংক্রমণের জন্য পরিবেশগত কারণ গুরুত্বপূর্ণ।
- অতিরিক্ত ঘাম
- দীর্ঘ সময় ভেজা পোশাক পরে থাকা
- আঁটসাঁট পোশাক
- ত্বকের ভাঁজে আর্দ্রতা ও ঘর্ষণ
- অপরিচ্ছন্নতা
এসব কারণে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির তোয়ালে, পোশাক, জুতা, বিছানার চাদর বা অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ব্যবহার করলেও সংক্রমণ ছড়াতে পারে।
ডায়াবেটিস, স্থূলতা এবং রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলেও কিছু ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড ব্যবহারের কারণেও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।