মৌলভীবাজার: পাহাড়-টিলা কেটে রিসোর্ট
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট। কোথাও কয়েক শতক জমিতে কয়েকটি কক্ষ বানিয়েই দেওয়া হয়েছে ‘রিসোর্ট’ নাম। এসব রিসোর্ট তৈরির আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কি না, তা দেখার দায়িত্ব যেসব দপ্তরের, তাদের কার্যকর তদারকি নেই। ফলে পরিবেশ নষ্ট করে অবাধে বাড়ছে রিসোর্ট ব্যবসা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক পর্যটন জেলা হিসেবে মৌলভীবাজারকে ঘোষণা করা হয়। এরপর জেলার শ্রীমঙ্গল উপজেলায় ২০১৩ সালে প্রায় ১৩ একর জায়গাজুড়ে প্রথম পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর কয়েক বছর পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে কিছু রিসোর্ট ব্যবসার বিস্তার ঘটতে থাকে। তবে তিন-চার বছর ধরে বেপরোয়াভাবে নামে-বেনামে কোনো ধরনের আইনের তোয়াক্কা ছাড়াই বাসাবাড়ি, পাহাড়-টিলা কেটে কিছু কক্ষ বানিয়ে রিসোর্ট নাম দেওয়া শুরু হয়। এসব রিসোর্টের সরকারিভাবে নেই কোনো বৈধতা। পর্যটনসংশ্লিষ্ট স্থানীয় কয়েকটি সংস্থা থাকলেও তারা জানে না, কারা এসব রিসোর্ট কীভাবে করেছে বা পরিচালনা করছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাহাড় কেটে