ইয়েমেনে বিমান হামলার প্রতিশোধ হিসেবে সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। আজ সোমবার গোষ্ঠীটি এমন দাবি করে। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী খামিস মুশাইতের কিং খালিদ বিমান ঘাঁটিতে অবস্থিত যুদ্ধবিমানের হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদ গুদামসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে একটি বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও দাবি করেন, এই অভিযানে সৌদি আরবের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স আজ সোমবার খামিস মুশাইত এবং আবহা শহরের পার্শ্ববর্তী এলাকায় সতর্কবার্তা জারি করেছে। এর আগের রাতেও ইয়েমেন সীমান্ত সংলগ্ন ওই এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছিল।