ক্রমবর্ধমান খেলাপি ঋণ ও প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের বাধ্যবাধকতায় ব্যাংক খাতে মূলধন ঘাটতি আরো বেড়েছে। চলতি বছরের মার্চ প্রান্তিকে দেশের ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা।
গত ডিসেম্বর প্রান্তিকে এ ঘাটতি ছিল ২ লাখ ৭৪ হাজার কোটি টাকা।
কিছু ব্যাংকের মূলধন উদ্বৃত্ত থাকায় ঘাটতির একটি অংশ সমন্বয় হয়েছে। এর পরও মার্চ শেষে দেশের ৬১টি ব্যাংকের সার্বিক নিট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার কোটি টাকা। ডিসেম্বরে এ ঘাটতি ছিল ২ লাখ ১৭ হাজার কোটি টাকা।
অর্থাৎ তিন মাসে নিট ঘাটতি বেড়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।
ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে, মূলধন ঘাটতি ব্যাংক খাতের বড় একটি অংশের দুর্বল অবস্থার ইঙ্গিত দেয়। এর পেছনে প্রধান কারণ ক্রমবর্ধমান খেলাপি ঋণ। খেলাপি ঋণের বিপরীতে বেশি হারে প্রভিশন সংরক্ষণ করতে হওয়ায় ব্যাংকের মুনাফা কমে যায় এবং মূলধন ভিত্তি দুর্বল হয়।