ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাদিক কায়েমকে প্রার্থী করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনেও আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। সাংগঠনিকভাবে এখানেও আমাদের প্রার্থী মনোনীত করেছি। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।’ তিনি জানান, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।