“আমি উড়তে চাই, দৌড়াতে চাই, পড়ে যেতেও চাই, শুধু থামতে চাই না”—‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার বানির এই সংলাপ শুধু সিনেমার গল্প নয়, অনেক সম্পর্কের বাস্তবতাও তুলে ধরে। কারণ, দুজন মানুষ একে অপরকে ভালোবাসলেও ভবিষ্যৎ নিয়ে তাদের স্বপ্ন সবসময় এক হতে হবে, এমন নয়।
একজন হয়তো চান স্থির চাকরি, নিজের শহরে বাড়ি, পরিবার ও সন্তান নিয়ে শান্ত জীবন। অন্যজনের স্বপ্ন হতে পারে ব্যবসা শুরু করা, নতুন শহরে যাওয়া, বিদেশে কাজ করা কিংবা ঘুরে বেড়ানো। ভালোবাসা থাকলেও জীবন নিয়ে এই ভিন্ন পরিকল্পনা একসময় সম্পর্কে চাপ তৈরি করতে পারে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে সম্পর্ক বিশেষজ্ঞ চাঁদনি গাগলানি বলেন, ভিন্ন উচ্চাকাঙ্ক্ষা থাকলেই একটি সম্পর্ক অসফল হবে—এমন নয়।
বরং গুরুত্বপূর্ণ হলো, দুজন মানুষ একে অপরের স্বপ্ন ও পছন্দকে কতটা সম্মান করছেন।
সমস্যা কোথায় তৈরি হয়?
ধরা যাক, দুজনের বয়স ২৯ বছর। একজন নিজের ব্যবসা দাঁড় করাতে চান। তার কাজের সময় নির্দিষ্ট নয়, প্রয়োজনে অন্য শহরে যেতে হতে পারে।
অন্যজন চান দ্রুত বিয়ে করে একটি স্থির সংসার শুরু করতে।
এখানে কেউ ভুল করছেন না। সমস্যা তৈরি হতে পারে তখনই, যখন একজন ধরে নেন অন্যজন শেষ পর্যন্ত নিজের পরিকল্পনা বদলে ফেলবেন।
আবার এমনও হতে পারে, একজন ভালো চাকরির সুযোগ পেয়ে ঢাকায় থাকতে চান, অন্যজন পরিবার ও বাবা-মায়ের কাছাকাছি থাকতে চান নিজ শহরে। বিয়ের পর কোথায় থাকবেন—এই একটি প্রশ্নই তখন সম্পর্কের বড় সিদ্ধান্ত হয়ে উঠতে পারে।