আগামীকাল মঙ্গলবার রাত থেকেই গ্যাস–বিদ্যুতের চলমান সংকট কাটানোর উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ীদের এক বৈঠক শেষে এফবিসিসিআই প্রশাসক এ কথা জানান।
ফজলুল হক বলেন, গ্যাস ও বিদ্যুতের সাম্প্রতিক সংকট কাটিয়ে শিল্পকারখানায় সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ, বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী।
ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটা আজ অনুষ্ঠিত বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।’
‘আগের অবস্থা’ বলতে কোন সময়ের পরিস্থিতি বোঝানো হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফজলুল হক বলেন, ‘আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায়।’