বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতে দাখিলের কথা রয়েছে। প্রায় এক দশক ধরে তদন্ত চললেও এখনো প্রতিবেদন দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারায় এরই মধ্যে ৯৭তম বারের মতো সময় পেয়েছে সংস্থাটি।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় করা এ মামলার তদন্ত প্রতিবেদন আজ জমা হবে কি না তা নিয়ে চলছে আলোচনা।
এর আগে গত ৯ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। সেদিন সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় শুনানি শেষে আদালত নতুন করে ১৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালে মামলা, তদন্তভার সিআইডিতে
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় এ অর্থ চুরি ও পরে পাচার করা হয়েছিল।
ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।