দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট- এই দুই মাসে ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন পরিদর্শক আশওয়াদুল আলম।
বন্দর সূত্রে জানা গেছে, জুলাই মাসে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ আমদানি হয়। আর আগস্টে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে আসে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ। দুই মাসে আমদানি করা ইলিশের মোট মূল্য ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা।
জুলাইয়ে আমদানি করা ইলিশের মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা। আগস্টে ছিল ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা। আগস্টে জুলাইয়ের তুলনায় ইলিশ আমদানি প্রায় ১১ গুণ বেড়েছে।
আশওয়াদুল আলম বলেন, আগস্ট মাসে বেনাপোল দিয়ে ইলিশ আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেনাপোল দিয়ে আসা ইলিশ ভারতীয় এবং মিয়ানমার থেকে আসা ইলিশ চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।