করব্যবস্থায় অনিয়ম ও হয়রানি রোধে করদাতার সঙ্গে কর কর্মকর্তা-কর্মচারীর সরাসরি যোগাযোগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল, নিরীক্ষার জবাব দেওয়া এবং করসংক্রান্ত অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন করদাতারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো আহসান হাবিব এসব তথ্য জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
এনবিআর চেয়ারম্যান বলেন, এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে করদাতার সঙ্গে কর কর্মকর্তা বা কর্মচারীর সরাসরি যোগাযোগের প্রয়োজন হবে না। করদাতা বাসায় বসে রিটার্ন দাখিল করবেন, নিরীক্ষার জবাব দেবেন এবং কোনো ভুল থাকলে অনলাইনেই তার ব্যাখ্যা দিতে পারবেন।