মতপার্থক্যগুলো ‘যথাযথভাবে’ সামলানো হবে: শি’র ভারত সফরের আগে চীন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় দুই দেশ একসঙ্গে কাজ করবে এবং মতপার্থক্যগুলো সামলাবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহুং।
এনডিটিভি লিখেছে, শনিবার অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে চীনের প্রেসিডেন্টের ভারত সফরের কয়েক ঘণ্টা আগে তিনি এ মন্তব্য করেন। এ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে শির।
চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, দুই নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা হচ্ছে।
শুক্রবার রাতে এক্স পোস্টে সু লিখেছেন, “প্রেসিডেন্ট শি ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করছে চীন ও ভারত।”
২০২০ সালের সফরের পর এবারই প্রথম ভারত সফরে যাচ্ছেন শি। ভারতের প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বেইজিং ছেড়েছেন তিনি।ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, “কাজান ও তিয়ানজিনের বৈঠকের পর দুই নেতার মধ্যে টানা তৃতীয় বছরের মতো সাক্ষাৎ হতে যাচ্ছে।”