কেন্দ্রীয় নেতৃত্ব ঢেলে সাজিয়ে তৃণমূল গোছাতে চায় বিএনপি
দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ও তৃণমূল পর্যায়কে শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় কাউন্সিলের সময়সূচি নিয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নিতে পারে বিএনপি।
বিষয়টি নিয়ে আগামীকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে কাউন্সিলের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ এবং আয়োজনের জন্য দলের প্রস্তুতি কতটুকু—তা মূল্যায়ন করা হবে।
এর আগে ২০১৬ সালের ১৯ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি। ছয় বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত সেই কাউন্সিলে খালেদা জিয়া দলের চেয়ারপারসন এবং তারেক রহমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। এই কাউন্সিলেই বিভিন্ন কমিটি গঠন বা অনুমোদন দেওয়া হয়। কমিটিগুলোর মেয়াদও তিন বছর। সেই নিয়ম অনুযায়ী, দলটি এখন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে।