গতকাল বুধবার শেষ হয়েছে সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনের রিমান্ড। এই রিমান্ড নিয়ে খুশি নন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে জানান, তাঁরা এই রিমান্ডে খুশি নন। ডনের এই রিমান্ড তাঁদের নতুন করে কোনো প্রত্যাশা পূরণ করতে পারছে না।
নীলা চৌধুরী বলেন, ‘রিমান্ডে নতুন কি কিছু হয়েছে? রিমান্ড শেষে বলা হলো জড়িত পাওয়ার কথা জানা গেছে। এটা কী ধরনের অনুসন্ধান? সে তো জড়িত ইমন (সালমান শাহ) হত্যার সঙ্গে। ডনের কাছ থেকে বের করতে হবে—কীভাবে সে ইমনকে হত্যা করেছে, কে কী স্বার্থে এই হত্যার সঙ্গে যুক্ত, সেই তথ্য। এদিকে আমার কাছে মনে হচ্ছে, রিমান্ড খুব দ্রুত শেষ করা হয়েছে। তা না হলে রিমান্ডে কি এত সহজে ছাড়ে?’
সালমান শাহর মা জানান, ডন ৩০ বছর আগের খুনের আসামি। এ সময় তিনি আরও বলেন, ‘যার কাছে সব তথ্য রয়েছে, সেই আসামির সঙ্গে এটা কেমন রিমান্ড হলো, বুঝলাম না। শুরুতে সাত দিন রিমান্ডে নেওয়ার কথা ছিল। সেখান থেকে দুই দিন কমিয়ে পরে পাঁচ দিনের জন্য রিমান্ডে নিল। এখন চার দিন পর সে কারাগারে। ডনকে দেখে বোঝার উপায় নেই সে রিমান্ডফেরত, রিমান্ডফেরত কেউ ওভাবে হাঁটে না।’