বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ
বিশ্বজুড়ে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর সবচেয়ে উষ্ণ মাস হিসেবে আগস্টকে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। একই সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর মধ্যেই পশ্চিম ইউরোপ পার করেছে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম।
বৃহস্পতিবার প্রকাশিত কোপার্নিকাসের মূল্যায়নের পর জাতিসংঘ সতর্ক করে বলেছে, মানবজাতি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে না পারলে পৃথিবী আরও গভীরভাবে এমন এক অজানা জলবায়ু পরিস্থিতির দিকে এগিয়ে যাবে, যার নজির অতীতে দেখা যায়নি।
কোপার্নিকাসের পর্যবেক্ষণের তথ্য ১৯৪০ সাল থেকে পাওয়া যায়। তবে বরফের স্তর, গাছের বলয় ও প্রবালের কঙ্কালের মতো প্রাকৃতিক নিদর্শনের মাধ্যমে বিজ্ঞানীরা বর্তমান জলবায়ুর সঙ্গে আরও দীর্ঘ সময়ের ইতিহাসের তুলনা করতে পারেন।
ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের (ইসিএমডব্লিউএফ) কর্মকর্তা সামান্থা বার্গেস এএফপিকে বলেন, ‘যুক্তিসঙ্গতভাবে বলা যায়, অন্তত গত এক লাখ বছরে মানুষ আজকের মতো এত উষ্ণ তাপমাত্রা দেখেনি।’
কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, আগস্টে বিশ্বের গড় বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্য দিয়ে ২০২৩ সালের জুলাইয়ে রেকর্ড করা আগের সর্বোচ্চ মাসিক তাপমাত্রাকে দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে আগস্ট। তবে ব্যবধান এত কম হওয়ায় কোপার্নিকাস দুই মাসকেই যৌথভাবে সর্বোচ্চ উষ্ণ মাস হিসেবে বিবেচনা করেছে।
বিজ্ঞানীদের মতে, মানুষের কর্মকাণ্ড বিশেষ করে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর কারণে শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় পৃথিবীর তাপমাত্রা প্রায় এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর ফলে চরম আবহাওয়ার ঘটনা আরও তীব্র ও ঘন ঘন হচ্ছে।
এরপরও ২০২৫ সালে তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উষ্ণতম মাস