মৌখিকের নম্বর বৃদ্ধির উদ্যোগ: ক্ষোভ, উদ্বেগ চাকরিপ্রার্থীদের
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগ জানিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরাও। তাঁদের আশঙ্কা, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো হলে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির সুযোগ বাড়তে পারে। ‘পছন্দের’ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
এই উদ্যোগের প্রতিবাদে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের এই প্রতিবাদ, ক্ষোভ ও উদ্বেগ সরকারের ‘মন্ত্রণালয় বা বিভাগ ও ইহাদের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংস্থাসমূহের ১১-২০তম গ্রেডে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষার মান বণ্টন (বিশেষ বিধান) বিধিমালা, ২০২৬’ করার উদ্যোগের খবরে। প্রস্তাবিত বিধিমালায় গ্রেডভেদে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের কাঠামোয় বড় পরিবর্তন এনে মৌখিক পরীক্ষার নম্বর বর্তমানের চেয়ে বাড়ানোর কথা বলা হয়েছে।
অবশ্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গতকাল বুধবার বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১ থেকে ২০তম গ্রেড) নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন ধরনের পরীক্ষা নেয়। সব পরীক্ষা একসঙ্গে করে একটি পদ্ধতিতে আনার চিন্তা করা হচ্ছে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ক্ষোভ
- সরকারি চাকরি
- উদ্বেগ