ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের
অধিকৃত পশ্চিম তীরে ৪২ বছর আগে ঘোষিত ‘স্টেট ল্যান্ড’ বা রাষ্ট্রীয় জমির সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এ প্রক্রিয়ায় জালুদ ও আল-মুঘাইয়ির গ্রামের কাছাকাছি প্রায় ৪৮ একর ফিলিস্তিনি জমি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্য একটি এলাকায় তুলনামূলক ছোট একটি অংশ সীমানা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন। খবর ইয়েনি সাফাক-এর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কমিশন জানায়, ইসরাইলের ‘ব্লু লাইন টিম’ ১৯৮৪ সালের জমি ঘোষণার আওতায় অতিরিক্ত ১৯৩ দশমিক ৯৩ দুনাম জমি অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। একই সময়ে পূর্ববর্তী সীমানা থেকে ১৫ দশমিক ০৭ দুনাম জমি বাদ দেওয়া হয়েছে এবং ১ হাজার ৪৩৩ দশমিক ৮৫ দুনাম জমির অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে মোট হিসেবে প্রায় ১৭৯ দুনাম জমি ‘স্টেট ল্যান্ড’-এর আওতায় নতুনভাবে যুক্ত হয়েছে।
কমিশন বলেছে, এই সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিকভাবে কোনো বসতির প্রভাববলয় সম্প্রসারিত হচ্ছে না। তবে নতুনভাবে অন্তর্ভুক্ত জমিগুলো ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ বা বরাদ্দের জন্য ব্যবহারযোগ্য হয়ে উঠবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফিলিস্তিনি