আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, তারা ‘মাফিয়া গ্যাং’: তথ্য উপদেষ্টা
কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে চান না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তার কথায় দলটি স্রেফ ‘একটি মাফিয়া গ্যাং’।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিতের ঘটনায় এ কথা বলেন জাহেদ উর রহমান। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিতের হওয়ার’ কথা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। ইটস আ মাফিয়া গ্যাং। এই যে মাফিয়া গ্যাং বলছি, এটার একটা প্রমাণ হচ্ছে, কেউ কেউ তাদেরকে রাজনৈতিক দল বলে, তাদের এক ধরনের অধিকার আছে, রাজনীতি করবে না কেন, এই আলাপ তুলতে আসেন।
“আজমেরী হক বাঁধনের ওপর যা হল, আমার মনে হয়—এটা আবার বোঝাল ওদের আদৌ রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।”
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জাহেদ উর রহমান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে জাহেদ উর রহমান বলেন, “আমি প্রায়ই বলতাম শেখ হাসিনা যখনই কথা বলেন—তার এই কথা বলায় নিষেধাজ্ঞা আছে, কিন্তু যখনই কথা বলেন তিনি আদতে আসলে দেখান এরা কত নোংরা।
“খেয়াল করব আমরা, রাজনৈতিক দল—আপনি যদি যা যা ঘটিয়েছেন এরপর যদি ন্যূনতম আপনার দুঃখবোধ থাকত, আপনার যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকত, এই সহিংসতাগুলো করা হত না। কোনোভাবেই হত না।”