শূন্য পাস প্রতিষ্ঠান: সংকটের শিকড় কোথায়
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে না পারা নিঃসন্দেহে উদ্বেগজনক। এর প্রতিক্রিয়ায় সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া না গেলে এমপিও ও সরকারি স্বীকৃতি বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনার মধ্যে রাখা হয়েছে। জবাবদিহি প্রতিষ্ঠার জন্য এমন উদ্যোগ প্রয়োজনীয়। তবে প্রশ্ন হচ্ছে, শূন্য পাসের সমস্যাকে কি কেবল প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের ব্যর্থতা হিসেবে দেখলেই সমাধান হবে, নাকি এর পেছনে থাকা বৃহত্তর কাঠামোগত সংকটও বিবেচনার মধ্যে রাখতে হবে?
পরিসংখ্যানটি গভীরভাবে দেখলে সমস্যার বহুমাত্রিক চরিত্র স্পষ্ট হয়। শূন্য পাস করা ৩১২ প্রতিষ্ঠানের মধ্যে ২২৬টি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন, ৫৭টি সাধারণ শিক্ষা বোর্ডের এবং ২৯টি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন। অর্থাৎ এটি কোনো একক প্রতিষ্ঠান বা অঞ্চলের বিচ্ছিন্ন সমস্যা নয়; বরং শিক্ষা ব্যবস্থাপনা, জনমিতিক পরিবর্তন, শিক্ষক বণ্টন, শিক্ষার্থী ধরে রাখা এবং শিক্ষার মান—সবকিছুর সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।
- ট্যাগ:
- মতামত
- শিক্ষাপ্রতিষ্ঠান