সিরিয়ার কাছে হারের পরই বরখাস্ত জেরার্ড জোন্স
টানা দুই ম্যাচে হারের পর এখন ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে তরুণ ফুটবলারদের। তবে এবার ডাগআউটে থাকবেন না সেই কোচ, যার অধীনে গত দুই মাস ধরে দলটি এশিয়ান কাপের প্রস্তুতি নিয়েছিল। তাসখন্দে বৃহস্পতিবার এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে বড় হারের কয়েক ঘণ্টার মধ্যেই জেরার্ড জোন্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
জোন্সকে বরখাস্ত করার বিষয়টি আজ ‘দ্য ডেইলি স্টার’কে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জোন্সকে পাঠানো চিঠিতে বাফুফে জানিয়েছে, গত ৯ জুন ২০২৬ সই করা চুক্তির বরখাস্ত-সংক্রান্ত ধারার আওতায় ‘অবিলম্বে কার্যকর’ হিসেবে তাঁর চাকরি বাতিল করা হয়েছে।
একই চিঠিতে জোন্সের কাছে থাকা বাফুফের সব ধরনের সম্পদ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার সামীদ কাসেমের কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিচয়পত্র, চাবি, বিভিন্ন নথি, সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী।
চুক্তি অনুযায়ী জোন্সের পাওনা থাকা সব আর্থিক হিসাবও মিটিয়ে দেবে বাফুফে। পাশাপাশি তার পছন্দের গন্তব্যে যাওয়ার জন্য বিমান টিকিটের ব্যবস্থাও করবে ফেডারেশন।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার