প্রতি উপজেলায় ১০ জন তরুণ উদ্যোক্তা পাবেন ঋণ ও অনুদান
দেশের প্রতিটি উপজেলায় ১০ জন তরুণ উদ্যোক্তা চিহ্নিত করে তাঁদের প্রত্যেককে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত তহবিল দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিটি জেলায় একটি করে ব্যাংক এই দায়িত্ব পালন করবে। তবে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস, ব্যাংক ও বিশেষজ্ঞ—এই তিন পক্ষ মিলে উদ্যোক্তা নির্বাচনের কাজটি করবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্যোক্তাভেদে ১০ থেকে ২০ লাখ টাকা দেওয়া হবে। অর্থায়ন হবে ঋণ ও শর্তসাপেক্ষ অনুদানের সমন্বয়ে। মূলত যে উদ্যোক্তা যে খাতের, তাঁকে সে খাতের পুনঃ অর্থায়ন তহবিল থেকে টাকা দেওয়া হবে। এই ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশ। আর অনুদানটি দেওয়া হবে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের তহবিল থেকে। অনুদানের অর্থের যথাযথ ব্যবহার হলে সিএসআরের টাকা ফেরত দিতে হবে না। কিন্তু যথাযথ ব্যবহার না হলে তা ঋণে রূপান্তর হবে।