প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি জঙ্গল সলিমপুর, এখনো ভয়
জঙ্গল সলিমপুরের এম এম পাইলট উচ্চবিদ্যালয়ের পাশের দোকানদার শাহ আলম বিদ্যুতের বিল পান স্থানীয় একটি সংগঠনের রসিদে। ওই সংগঠনকেই তিনি টাকা দেন। বিদ্যুৎ বিভাগ থেকে কখনোই তিনি বিল পাননি। গত মার্চে প্রশাসন ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার পরও বিল দেওয়ার এ পদ্ধতি বদলায়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এই পাহাড়ি জনপদে এখন পুলিশের তল্লাশিচৌকি আছে, আছে দুটি অস্থায়ী ক্যাম্প। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দেয়। কিন্তু গত ৪ আগস্ট সরেজমিন দেখা গেল, বাসিন্দাদের দৈনন্দিন জীবন চালানো বিদ্যুৎ ও পানির বড় অংশ এখনো রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে। পানির পাম্প ও পাইপলাইন চালানোর টাকা এলাকাভেদে স্থানীয় লোকজনের কাছে দিতে হয়।
আগে জঙ্গল সলিমপুরে প্রবেশপথে সশস্ত্র পাহারা থাকত; অপরিচিতদের বিশেষ পরিচয়পত্র দেখাতে হতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের পর জঙ্গল সলিমপুরের দৃশ্যপট বদলেছে। এখন সেখানে পুলিশের তল্লাশিচৌকি আছে। মানুষ আগের চেয়ে অবাধে চলাচল করেন, দোকানপাটও খোলা থাকে। প্রকাশ্যে অস্ত্রধারীদের আনাগোনা নেই। তবে এর মধ্যেও যৌথ বাহিনী ও র্যাবের অস্থায়ী ক্যাম্পে হামলা হয়েছে। পুলিশ ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত দ্রব্য মেশানোর ঘটনা ঘটেছে। এসব কারণে এখনো পুরোপুরি ভয় কাটেনি।
- ট্যাগ:
- বাংলাদেশ