সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের আবেদন নেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম দিনে ১৮ হাজার গ্রাহক আবেদন করেছেন। এ জন্য একীভূত পাঁচটি ব্যাংকের শাখাগুলোয় গ্রাহকেরা ভিড় করছেন। ব্যাংক কর্মকর্তারা তাঁদের স্বাগত জানাচ্ছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, যাঁরা আবেদন করেছেন, তাঁরা ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।
গতকাল সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখায় ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন যাচাই–বাছাই শেষে ৭ সেপ্টেম্বর গ্রাহকদের টাকা পরিশোধ শুরু করার কথা রয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাইয়ের পর নিয়ম অনুযায়ী তাঁদের পাওনা অর্থ পরিশোধ করা হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংক পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত হয়েছে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।