বিএনপির জাতীয় কাউন্সিল কবে, মহাসচিব পদে আলোচনায় কারা
প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে গতকাল ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বিএনপি। খালেদা জিয়ার প্রয়াণের পর এটিই ছিল দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে পাঁচ দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা ছাপিয়ে বিএনপির ভেতরে এখন আলোচনার কেন্দ্রে প্রায় এক দশক ধরে না হওয়া সপ্তম জাতীয় কাউন্সিল। কাউন্সিল কবে হবে, নেতৃত্বে কী পরিবর্তন আসবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরসূরি হিসেবে মহাসচিবের দায়িত্ব কে পাবেন—এ নিয়েই নেতা-কর্মীদের আগ্রহ সবচেয়ে বেশি।
সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়েছিল। গঠনতন্ত্রে তিন বছর পরপর কাউন্সিলের বিধান থাকলেও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে এরপর আর তা করতে পারেনি দলটি। ক্ষমতায় ফেরার পরপরই সপ্তম কাউন্সিলের বিষয়টি আলোচনায় আসে। বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতিপূর্বে একাধিকবার বলেছিলেন, খুব শিগগির কাউন্সিল হবে।