ইংল্যান্ড থেকে বহিষ্কারের খবরকে ভুয়া মনে করেছিলেন পাকিস্তান তারকা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫
ভয়াবহ সংকটের মধ্যে আছে পাকিস্তান ক্রিকেট, যার নজির হয়তো তাদের ক্রিকেট ইতিহাসেও নেই। ইংল্যান্ডে টানা দুটি টেস্ট হারের পর পিসিবি এই স্কোয়াডের সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠিয়েছে। প্রধান কোচ ও বোলিং কোচকেও পাল্টে ফেলেছে তারা। এই ঘটনা বেশ শোরগোল তুলেছে ক্রিকেট মহলে।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের ভেতরের সূত্র থেকে তথ্য বের করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। তাদের দাবি, এই ঘটনায় খেলোয়াড়রা ‘হতবাক’ হয়েছে বললেও কম হবে। সোমবার বিকেল পাঁচটার দিকে পাকিস্তান দলের সদস্যরা বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে বার্তা পেতে শুরু করেন। কী হচ্ছে, সেটা তাদের মাধ্যমেই জানতে পেরেছিলেন। ওই দিন সবার ছুটি ছিল, কেউ বাইরে ঘুরতে বের হয়েছিলেন, কেউ বা হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। এক খেলোয়াড়ের মতে, তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। শুরুতে তিনি ভেবেছিলেন, এগুলো ভুয়া খবর।