অতীতের ক্ষত আর শ্রেণিবৈষম্যের গল্পে মাহিরা-ওয়াহাজ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯
বিত্তবান পরিবারের অহংকার আর নিম্নবিত্তের হীনমন্যতা যখন এক সুতোয় গাঁথা পড়ে, তখন প্রেমের পরিণতি রূপ নেয় এক ধ্বংসাত্মক খেলায়। সামাজিক মর্যাদা, অতীত ক্ষোভ আর প্রতিশোধের দাউদাউ আগুনে ঘি ঢেলে ফের পর্দায় হাজির হচ্ছেন পাকিস্তানি বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকা মাহিরা খান ও ওয়াহাজ আলী।
‘মিট্টি দে বাওয়ে’-এর ধারাবাহিকটিতে ‘বিলকিস’ ওরফে ‘বিল্লা’ চরিত্রে দেখা যাবে মাহিরা খানকে, যিনি এক প্রভাবশালী ও বিত্তশালী ঘরের সন্তান। বিপরীতে ওয়াহাজ আলী পর্দায় এসেছেন ‘বালা’ চরিত্রে, যার নিত্যদিনের সঙ্গী সীমাহীন আর্থিক টানাপোড়েন।
মায়ের সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ঢোলক বাজিয়েই জীবিকা নির্বাহ করে বালা। এই বিশাল সামাজিক দূরত্বই তাদের মাঝে তুলে দেয় এক অদৃশ্য প্রাচীর। বিল্লার পারিবারিক অহংকার আর বালার আত্মগ্লানি সম্পর্কের শুরুতেই তৈরি করে তীব্র তিক্ততা।