জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের দূরত্ব দিন দিন বাড়ছে। সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে দুই পক্ষে বাহাস হচ্ছে প্রায়শ। বিরোধীদের ওয়াকআউটের ঘটনাও ঘন ঘন ঘটছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ২০২৪ এর অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রত্যাশা করে দেশের মানুষ। সেই অবস্থান থেকে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হবে, আবার ভালো কাজে উভয়ে পরস্পরের পাশে থাকবে, সেটাই কাম্য। কিন্তু আগের সময়ের মতো সংসদে যদি আবার অচলাবস্থা তৈরি হয়, সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। বিরোধী দল সংসদ থেকে বের হয়ে গেলে ক্ষতি শুধু তাদের নয়, সরকারেরও হবে। তাই ছোটখাটো বিরোধ এড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতার সুযোগ কাজে লাগানো উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো নয়। সরকার ও বিরোধী দল—দুই পক্ষই একেবারে হার্ড লাইনে চলে গেলে ধীরে ধীরে দূরত্ব বাড়বে এবং সংসদীয় কার্যক্রম ব্যাহত হবে।’