টাকা তোলার আবেদন করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের ভিড়
দীর্ঘদিন আটকে থাকা আমানতের মূল টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের ভিড় বেড়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে।
রাজধানীর মতিঝিল ও দিলকুশায় ব্যাংকের কয়েকটি শাখা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের আমানতের মূল অর্থ এককালীন ফেরত দেওয়া হবে। ফলে নিজেদের জমানো টাকা তুলতে সকাল থেকেই অনেক গ্রাহক শাখায় গিয়ে আবেদন করছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংক- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক-একীভূত করে। এসব ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি আমানতকারীদের জন্য টাকা তোলার সুযোগ দেওয়ায় সোমবার থেকে শাখাগুলোতে আবারও গ্রাহকদের আনাগোনা বেড়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমানত